নষ্ট নিমগ্নতার ফুল
মানুষের মন বড্ড আজব। আজকে তার যা ভাল লাগছে, কালকে সকালে ঘুম থেকে উঠে ওটা তার আর ভাল লাগবে না। অনেক দিনের অনেক পুরনো ভালোবাসাকেও মনটা ভুলিয়ে দেয় কৌশলে। যে মুখটা দেখলে এক সময় বুকের ভেতর হাতুড়ি পিটাতে থাকতো কেউ, সেই একই মুখটা এক সময় একঘেয়ে লাগে। মনটা তখন চুপিসারে মাথার ভেতর হাতুড়ি দিয়ে আঘাত করে তোমার অতীতের সব ভালোবাসা আর ভালোলাগাটুকু ভুলিয়ে দেয়।
তুমি চাইলেও কিছু মনে করতে পারো না, চাইলেও আর আগের মত ভালোবাসতে পারো না। রঙ বদলাতে থাকা এই মন সব পারে। “আমি সারাজীবন তোমার কাছে থাকবো” – এই প্রতিজ্ঞাটা সে যত্ন করে ভেঙ্গে দিতে পারে। “আমি আর কখনো কাউকে তোমার মত ভালোবাসতে পারবো না” – কথাটা নিমেষেই মিথ্যে বানিয়ে দিতে পারে। খুব যত্নে ভাঁজ করে রাখা চিঠিটাকে হুট করে আগুনে পোড়া ছাই বানিয়ে দিতে পারে।
যে আঙ্গুলগুলো অক্লান্ত ভাবে কয়েক বছর ধরে হাজার হাজার মেসেজ টাইপ করে গেছে, সেই একই আঙ্গুল দিয়ে কয়েক সেকেন্ডে সেগুলো নিশ্চিহ্ন করে দিতে পারে। মানুষের মন সব পারে। মনের হাতেই সুতো, মনের হাতেই নাটাই। তুমি তার পুতুল, তুমি তার ঘুড়ি। তোমাকে সুতোর তালেই চলতে হয়, নাটাইর টানেই উড়তে হয়। সুতোয় বাঁধা পুতুল ভালোবাসার নিশ্চয়তা দিতে পারে না। নাটাইয়ে বাঁধা ঘুড়ি সারাটা জীবন এক আকাশে উড়ার প্রতিশ্রুতি দিতে পারে না। একদিন সব মিথ্যে হয়ে যায়, সব।
০৯/০২/২০২২, ১১.১৫ AM
