অনুপ্রেরণা

বিচ্ছেদের ব্যবচ্ছেদ

এই মূহুর্তে তুমি যে কষ্টটা পাচ্ছো, সেই কষ্টটার পেছনে বা সামনে অবশ্যই একটা কারণ আছে। এতো বছর ধরে যে মানুষটা তোমাকে ভালোবাসছে, হুট করে সে চলে গেলো? যাওয়ার আগে বলে গেলো,

– “তোমাকে এখন আর ভাল্লাগে না।”

ফোন নাম্বার ব্লক, ফেইসবুকে ব্লক, সামনা সামনি দেখা নাই, সব শেষ। একটা সম্পর্ক শেষ করাটা এখন একটা কাগজ কে মুচড়ে ছুঁড়ে ফেলে দেয়ার মতই সহজ। শুধু তোমার জন্যই ব্যাপারটা সহজ না। তুমি প্রথম অনেকগুলো দিন বিশ্বাস করতে পারবে না, বার বার নির্লজ্জের মত তুমি চেষ্টা করে যাবে মানুষটাকে ফিরিয়ে আনতে। কিন্তু সে তোমার কোন কথা শুনবে না, তোমার কোন কান্নাই তার মনে আর দাগ কাটবে না।

তোমাকে চরমভাবে অপমান করা হবে। আর সেই অপমানে তোমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে হবে। কিন্তু তুমি অসহায়ের মত ভালোবাসা চাইতে থাকবে। জানি তোমার চাওয়া তে কোন ভুল নেই। ভুলটা ছিলো মানুষটার ভেতরেই। কিন্তু ভালবাসায় অন্ধ এই তোমার চোখে শুরুতে সেই ভুল ধরা পরেনি। প্রতারিত হওয়া আর কষ্ট পাওয়ার পর্ব শেষেই তুমি ঠান্ডা মাথায় আবিষ্কার করবে, তুমি ভুল মানুষ কে বেছে নিয়েছিলে! তোমার বেঁচে থাকার ইচ্ছে চলে যাবে, হাজার সান্ত্বনাতেও আর কাজ হবে না।

ঘুমের ওষুধ গিলে তুমি শান্তি পেতে চাইবে। ডিপ্রেসনে পড়ে তুমি পাগল হয়ে যাবে, কিন্তু তুমি মরতেও পারবে না, আবার বাঁচতেও পারবে না। অসহ্য একটা জীবন কাটাতে হবে তোমাকে। আর সেই থেকে তুমি আর কাউকে বিশ্বাস করতে পারবে না। হ্যাঁ, কাউকেই না। কারন, সবসময়ই তোমার মনে হবে, তুমি আর কখনো কাউকে ভালোবাসতে পারবে না, সম্ভব না কাউকে আর ভালোবাসা। এভাবেই তোমাকে জীবন কাটাতে হবে। দিনের পর দিন, কষ্ট নিয়ে, ডিপ্রেসন নিয়ে। সে এক অসহ্য যন্ত্রনা।

ঘড়ির কাঁটার টিক টিক শব্দ কিংবা ক্যালেন্ডারের পাতা ওল্টানোর সাথে সাথে সময় যাবে আর আস্তে আস্তে তুমি খেয়াল করবে, তোমার আর আগের মত কষ্ট হচ্ছে না। প্রতি মূহুর্তে তুমি ডুকরে কেঁদে উঠতে আগে, এখন আর চাইলেও কান্না আসে না। তুমি শক্ত হয়ে গেছো, পাথরের মত শক্ত। তুমি কষ্ট সহ্য করতে শিখে ফেলেছো, তুমি বেঁচে থাকতে শিখে গেছো। অমানুষদের ভীড়ে মানুষ হয়ে বেঁচে থাকতে শিখে গেছো। কিন্তু এ কথা ঠিক যেনে রেখো, তোমার জীবনে আবার ভালোবাসা আসবে। আসতেই হবে। ভালোবাসা ছাড়া জীবন হয় নাকি? তোমার ভয় হবে, ভীষণ ভয়। সেই ভয়টুকুই কেউ একজন দূর করে দেবে। পৃথিবীতে শুধু “ভুল মানুষ”ই আছে নাকি?

না তা সত্যি না। আজো এই পৃথিবীতে “ঠিক মানুষ”ও আছে। সেই “ঠিক মানুষ” এসে তোমার সবকিছু ঠিক করে দেবে। তোমার জীবনে এমন একটা দিন আসবে, যেদিন আকাশের দিকে তাকিয়ে বুক ভরে নিঃশ্বাস নিতে নিতে তুমি মনে মনে বলবে,

– “ভালো আছি, খুব ভালো আছি!”

বিশ্বাস করো, শুধু ঐ দিনটার জন্য হলেও বেঁচে থাকো, টিকে থাকো, সহ্য করতে থাকো, কারন আমি জানি,

– “তুমি পারবে, অবশ্যই পারবে।”

ঐ “ভালো থাকা”র জন্যই এত কিছু।

০৩/০২/২০২২, ১২.৩৮ AM

Kuasha

হয় একদম শেষ অথবা একদম প্রথম, কোন কিছুর মাঝামাঝি থাকা আমার বড় অপছন্দ। আমি স্বপ্ন দেখি তা বাস্তবায়িত করার জন্য। একা থাকা, মুভি দেখা, পেন্সিল দিয়ে ছবি আঁকা ও বই পড়া আমার নেশা। খুব বিরক্ত লাগে পিছনে কিংবা আমার আড়ালে কেউ কথা বললে। লাইফ নিয়ে এক্সপেরিমেন্ট করতে করতে নিজেই কখন যে এক্সপেরিমেন্টাল প্রজেক্টে রুপান্তরিত হয়েছি বুঝিনি। জীবনে অনেক কিছু হতে চেয়েছি। কিন্তু কিছুই হতে পারিনি। তার মানে এই নয় যে আমি ব্যর্থ একজন মানুষ। আমার ব্যর্থতাতেই আমার সফলতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *