হ্যাঁ দ্বিধা না
তুমি নিজে ও জানো না, এই মূহুর্তে যার “হ্যালো” মেসেজটি পেয়ে তুমি SEEN করে রেখে দিচ্ছো, যার “কেমন আছো?” প্রশ্নটার উত্তরে দায়সারাভাবে “ভালো” বলে এড়িয়ে যাচ্ছো, একদিন ঐ মানুষটার জন্যই তুমি পাগলের মত অপেক্ষা করবে। তোমার চারপাশের শত শত মানুষের ভেতরেই সেই মানুষটা আছে, যার হাত মুঠোয় ধরে তোমার সামনের সবগুলো বসন্তের বিকেল কেটে যাবে, তুমি সেই মানুষটাকে হয়তো এই মূহুর্তে দেখছো, হয়তো কথা বলছো তার সাথেই।
কিন্তু তোমার সুদূরতম কল্পনাতেও তুমি ভাবছো না, দুই কিংবা পাঁচ বছর পরে এই মানুষটাই তোমার জীবনে কেন্দ্রীয় চরিত্র হয়ে আসবে! অনেক বছর পরে মানুষটার হাত ধরে তুমি যখন পেছন ফিরে তাকাবে, তখন দেখবে এই অদ্ভূত সব স্মৃতিগুলো। আরো দেখবে তোমার দায়সারা জবাব কিংবা তার উদাসীনতা। হয়তো দু’জন দুজনকে আপনি আপনি করে বলতে কিংবা অনেকবার মুখোমুখি হয়েও চোখ সরিয়ে নিতে।
অথচ এখন ঐ চোখ জোড়ার দিকে তাকিয়েই মূহুর্তগুলো ঝড়ের বেগে কেটে যাচ্ছে। কি অদ্ভূত এই পৃথিবী! বিশ্বাস করো, এই পৃথিবী কতটা অদ্ভূত তা তুমি নিজেই জানো না। কাল সকালে কি হবে, এক মাস পরের বিকেলটাতে তুমি কোথায় থাকবে, বছর খানেক পরে আকাশের তারাগুলোর নিচে তুমি চোখ বুজে কি ভাববে – এগুলার কিচ্ছু তুমি জানো না!! এখন তুমি কেমন আছো, খুব কষ্টে আছো, নাকি মরে যেতে ইচ্ছে হচ্ছে? কোনটা?
মরে যেও না, আর একটু দেখো। কাল সকালটা কিংবা পরশু বিকেলটা। এই তো, সামনের মাসেই ঝুম বৃষ্টি হবে। আজ তোমার হাতে ছাতা নেই ঠিকই। কিন্তু সেই বৃষ্টির দিনে কোন একটা রঙ্গিন ছাতার নিচে তুমি কারো হাত ধরে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকবে। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হবেই সেদিন! ডিপ্রেসনে ভুগছো? প্রচন্ড একা লাগছে? তোমার আশেপাশেই তোমার মত একা একটা মানুষ আছে। দেখা হয়ে যাবে একদিন তার সাথে।
জোছনার মৃদু আলোয় তুমি সামনের কোন একটা রাতে জ্যোৎস্না রাতে খেয়াল করবে, তুমি আসলে একা নও। অন্তত ততদিন পর্যন্ত বেঁচে থাকো! আরেকটু নিঃশ্বাস নিয়ে দেখোই না, কয়েক সেকেন্ড লাগে জীবনের মোড় ঘুরতে। কয়েক সেকেন্ড লাগে তোমার আমার জীবনের গল্পটা পালটে যেতে।
তোমার একাকী গল্পে একটা চরিত্র এসে হুট করে হাজির হয়ে যাবে যে কোন মূহুর্তে। ঐ মূহুর্তটা পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। কি পারবে না? অদ্ভূত এই পৃথিবীতে তারাই ভালো থাকে, যারা অপেক্ষা করতে জানে। যারা অপেক্ষা করে, পৃথিবী তাদেরকে হঠাৎ করে দেখিয়ে দেয় সে কতটা বিচিত্র, সে কতটা সারপ্রাইজ দিয়ে তোমাকে অবাক করে দিতে পারে। হতে পারে, একটা মানুষ তোমাকে হতাশ করেছে।
দুটো মানুষ তোমাকে হতাশ করেছে, চার, পাঁচ, আট, দশ। সবগুলো মানুষ তোমাকে হতাশ করতে পারে কিন্তু পৃথিবী তোমাকে কখনো হতাশ করবে না। তোমাকে অবাক করে দিবেই সে। হতে পারে সেটা আজ, কাল, পরশু, তরশু কিংবা কোন একদিন। অপেক্ষা করো, ধৈর্য ধারন করো। আর একটু।
০৩/০৪/২০২২, ০২.০০ AM
