স্বপ্নবিলাসী মন
মানুষ অনেক শখ করে খাঁচায় পাখি পোষে, নিজের সুখ-দুঃখকে পাখির খাঁচার পাশে দাঁড়িয়ে কিছুটা বোঝাতে চায় পাখিকে। নিজের শখের জন্য পাখিটিকে কখনও উড়ার সুযোগ দেয় না আর আকাশকে সামনে রেখেও পাখি ভুলে যায় তার উড়ে বেড়ানোর সমস্ত কৌশল। আবার যখন মানুষ খুব বেশি আনন্দে থাকে তখন পাখিকে তাদের মনের সুখে বনে-জঙ্গলে ছেড়ে দিয়ে আসে।
কিন্তু পথহারা পাখি অনেক আগেই তার ডানা থাকা সত্তেও উড়ার ক্ষমতা বিসর্জন দিয়েছে। হয়তো কোন বড় পাখির আক্রমণে কিংবা ঝড়ের তাণ্ডবে পোষা পাখিটি প্রাণ হারাবে। হয়তো উড়তে চাওয়ার বৃথা চেষ্টায় ডানা ভেঙে আহত হয়ে সঙ্কিত মনে পড়ে রইবে গহীন অরন্যের কোন এক কোনে। কে জানে?
মানুষের জীবনও এই রকমই। যে একা চলতে প্রস্তুত, তাকে স্বপ্ন দেখায় কোন এক স্বপ্নবিলাসী মানুষ। তখন স্বাধীনচেতা মানুষটি নিজের স্বাধীনতা ছেড়ে স্বেচ্ছায় পরাধীনতার কাছে আত্মসমর্পণ করে। ধীরে ধীরে সে তার সমস্ত শক্তি হারিয়ে ফেলে আর স্বপ্নবিলাসী মানুষটির উপর পূর্ণ আস্থা রাখতে শুরু করে।
এদিকে যখন স্বপ্নবিলাসী মানুষটির ঘুমের ঘোর কেটে যায়, স্বপ্নের অবসান ঘটে তখন স্বপ্নবিলাসী মানুষটিও ভুলে যায় যে সেও কোন এক মানব/মানবীকে স্বপ্ন দেখিয়েছিলো। আসলে, কেউবা ডাঙায় ঝোলে, কেউবা জলে ভাসে। আবার কেউবা অন্ধকারের অত্বল গহ্বরে হারিয়ে যায়।
এখানে দোষ কার বেশি? যে স্বপ্ন দেখে নাকি যে স্বপ্ন দেখায়? তাই শখ করে কেউ পাখি পোষার মতো কোন খাঁচায় মানুষের মন নামক পাখিটিকে বন্দী করবেন না। কারণ আপনার মত এমন স্বপ্নবিলাসী মানুষ কখনও একটি মানুষের পথভ্রষ্টটার দায়ভার নেবে না।
খুব করে চাই ভালো থাকুক সেই সব মানুষেরা, যারা ভালবাসার মানুষের সাথে ভালবাসার বন্ধনে আবদ্ধ হয়ে আছে পরম মমতায়। খুব চাইছি তারা যেন একে অপরকে সন্দেহ না করুক, ঝগড়া না করুক। রাগ-অভিমান দিয়ে রাতের অখন্ড নিরবতাকে চোখের জলে রুপান্তরিত না করুক। ভালবাসার মানুষটাকে আর না কাঁদাক। প্রতিটা দিন শুরু হোক কাছে থাকার, ভাল থাকার, ভাল রাখার এবং ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে।
১৩/০৩/২০২২, ১১.২৭ PM
