সময়ের সমন
যাদু বা ম্যাজিক আমাদের সবাইকেই মুগ্ধ করে। আমরা যুগপৎ মুগ্ধতা আর অবিশ্বাস নিয়ে রুদ্ধশ্বাসে উপভোগ করি, যাদুর যাদু। কিন্তু সেই ম্যাজিকগুলাকেই যখন টিভিতে শ্লো-মোশনে দেখানো হয় কিংবা ট্রিক্সগুলিকে ভেঙ্গে ভেঙ্গে দেখানো হয়, তখন আর ততটা ভালো লাগে না। ম্যাজিককে আর ম্যাজিক বলে মনে হয় না। মনে হয়, অরডিনারি কোন ব্যাপার-স্যাপার। সেই একই হাত-পায়ের কারসাজি, একই অঙ্গভঙ্গি, একই ট্রিক্স। কেবল ধীর গতিতে করার কারনে আমাদের আর আগের মত মুগ্ধ করছে না। অর্থাৎ একই কাজ ক্ষিপ্রতার সাথে করলে সৃষ্টি হচ্ছে ম্যাজিক আর ধীরগতিতে করলে হচ্ছে অরডিনারি টাস্ক। ইটস স্পিড দ্যাট মেক্স ইউ ফ্যাসিনেটেড।
জীবনটাও এমনই। আপনি আপনার ব্যাচের সাথে পাশ করলে, সবার কাছে প্রশংসা পাবেন। দুই বছর পরে পাশ করলে আদু ভাই হবেন। ৩০ বছর বয়সে ম্যানেজার হওয়া আর ৪০ বছর বয়সে ম্যানেজার হওয়া নিশ্চয় এক নয়। ৩৫ বছর বয়সে নিজের ব্যবসা দাঁড় করানো আর বৃদ্ধ বয়সে ব্যবসা শুরু করা একই রকম থ্রিলিং অবশ্যই নয়। ২৪ বছর বয়সে বিসিএস হওয়া আর ৩০ বছর বয়সে টাক মাথার ক্যাডার – পার্থক্য অবশ্যই আছে। কাজেই ম্যাজিক দেখাতে হলে আপনাকে দ্রুত কাজ শুরু করতে হবে। এইযে, “কাল থেকে শুরু করবো” বলছি, কিন্তু ‘কাল’টা কবে আসবে? ইন্টারে থাকার সময়, প্রিন্সিপাল স্যার একবার বলেছিলেন,
– “ছেলে মেয়েরা কলেজে এডমিশন নিয়েই চিন্তা করে ‘কাল’ থেকে পড়ে ‘ফাটায়’ ফেলব। একসময় ইন্টার পরীক্ষা চলে আসে, কাল আর আসেনা।”
এই দীর্ঘসূত্রিতাই আমাদের ম্যাজিক সৃষ্টি করা থেকে বিরত রাখছে। নিজের স্বপ্নকে ছুঁতে হলে দীর্ঘসূত্রিতা ঝেড়ে ফেলতে হবেই। আজকে আপনার যে সুযোগ, উৎসাহ আপনি হেলায় হারাচ্ছেন। এক বছর পরে সে সুযোগ বা উৎসাহ আপনার নাও থাকতে পারে। আপনার ইচ্ছে বুয়েটে পড়বেন। কিন্তু আজ পড়ব কাল পড়ব বলে দেখলেন একদিন এডমিশন টেস্ট চলে এসেছে। আপনার প্রস্তুতি খারাপ। চান্স পেলেন না, আর সুযোগও নেই। অনেক দিনের লালিত স্বপ্ন, স্বপ্নই হয়েই রয়ে গেল। প্রেমিকা বানাতে পারলেন না। ‘সময় গেলে’ সাধন হয় না। কাজেই মনে রাখতে হবে, NOW OR NEVER.
০৩/০৭/২০২২, ০৯.০০ AM
