ছায়া
ঈশ্বর একবার এক লোকের কাছে একজন দেবদূতকে পাঠালেন। লোকটির কিছু অসাধারণ গুণ ছিল। তিনি তাঁর চারপাশের সবাইকে ভালবাসতে আর অবলীলায় ক্ষমা করে দিতে পারতেন। দেবদূত তাঁকে এসে বললেন,
– “ঈশ্বর আপনার ভাল কাজের পুরস্কার দিতে আমাকে পাঠিয়েছেন। বলুন আপনি কী চান? আপনার যা ইচ্ছে তাই আপনি চাইতে পারেন। আপনি কি মানুষকে রোগমুক্ত করার ক্ষমতা চান?”
– “মোটেই না। এ দায়িত্ব ঈশ্বরের কাঁধে থাকলেই বরং আমি খুশি,” লোকটির উত্তর।
– “তাহলে? পাপীদের সৎ পথে ফিরিয়ে আনতে চান?”
– “সে তো আপনার মতো দেবদূতদের কাজ। আমি কারো শ্রদ্ধার পাত্র হতে চাই না, কোন ভাল কাজের দৃষ্টান্ত হয়েও থাকতে চাই না।”
– “দেখুন, আপনি নিজে যদি কিছু বেছে না নেন, তাহলে আমাকেই আমার ইচ্ছামত কোন না কোন ক্ষমতা আপনাকে দিতে হবে। তা না করে স্বর্গে ফিরে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়।”
আরো বিদেশী গল্পের অনুবাদ পড়ুন –
- নিহির
- বৃত্তবন্দী সুখ
- সহানুভূতির সনদ
- অপমানের উপহার
- শয়তানের যন্ত্রপাতি
- ভাঙা হৃদয়ের সংবিধান
- অহংকার ভালোবাসা ও কথিত নৌকা
এক মুহুর্ত ভেবে লোকটি বললেন,
– “আচ্ছা, তাহলে আমি চাই আমাকে দিয়ে ভাল কিছু হোক। কিন্তু তা যেন কেউ বুঝতে না পারে, এমনকি আমি নিজেও না। তা না হলে আমার মনে নিজেকে নিয়ে অহংকার জন্মাতে পারে।”
এরপর থেকে লোকটি যেখানেই যেতেন, সেখানেই রুগ্ন মানুষ স্বাস্থ্য ফিরে পেতো। কৃষকের জমি ফসলে ভরে উঠতো, আর দুখী মানুষদের জীবনে সুখের দেখা মিলতো। এমন করেই তিনি অনেক বছর পৃথিবীর নানা জায়গায় ঘুরে বেড়ালেন।
দেবদূত তাঁকে কী পুরস্কার দিয়েছিলেন জানেন? তিনি তাঁর ছায়াকে রোগমুক্তির ক্ষমতা দিয়েছিলেন। কিন্তু তা শুধু তখনই কাজ করতো যখন তিনি সূর্যের দিকে ফিরে থাকতেন। সূর্যের দিকে মুখ করে থাকলে যেহেতু তাঁর ছায়া থাকতো তাঁর পেছনে, তাই তিনি মৃত্যুর আগ পর্যন্ত কখনোই জানতে পারেননি কী অসাধারণ ক্ষমতা তাঁকে দেয়া হয়েছিল।
২০/০৪/২০২২, ০২.২০ PM
[অনুবাদ গল্প, মূল লেখক – পাওলো কোয়েলহো]
