পাক্ষিক সংকলনবিনোদন

আলিয়া ভাট এবং রণবীর কাপুর: প্রেম থেকে পরিনয়

আলিয়া ভাট আর রণবীর কাপুরের বিয়ে কোনো রূপকথার গল্প থেকে কম নয়। বিয়ের দিন তাঁরা হয়ে উঠেছিলেন যেন রূপকথার জুটি। তাঁদের বিয়েতে আড়ম্বর বা চাকচিক্য ছিল না। রণবীর পরিবারের প্রায় সব প্রথা মেনে আলিয়াকে কাপুর পরিবারের বউ করে নিয়ে আসেন। ‘বাস্তু’ আবাসনে সুখের সংসার পেতেছেন আলিয়া আর রণবীর। এই আবাসন তাঁদের প্রেমের নানান রঙিন মুহূর্তের সাক্ষী হয়ে আছে। বলিউডের এই নবদম্পতির বিয়েকে ঘিরে নানান খবর এখনো শোনা যাচ্ছে। এখন উঠে এসেছে বিয়েতে কে কী উপহার পেলেন।

এক দীর্ঘ অপেক্ষার পর আলিয়া ভাট আর রণবীর কাপুর বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। বিয়ের পর কেক কেটে, শ্যাম্পেন পান করে আর নেচে–গেয়ে তাঁরা বিশেষ দিনটি উদ্‌যাপন করেছেন। আলিয়া আর রণবীরের বিয়ের একগুচ্ছ মিষ্টি ছবি নেট দুনিয়ায় আলোড়ন ফেলেছে। সবাই এই জুটিকে উজাড় করে ভালোবাসা দিচ্ছেন। এক ছবিতে দেখা গেছে, রণবীরের বুকে পরম শান্তিতে মাথা রেখেছেন আলিয়ার বাবা মহেশ ভাট। এই ছবি বুঝিয়ে দিচ্ছে যে মনের মতো জামাই পেয়েছেন তিনি। এদিকে শাশুড়ি নিতু কাপুর বউমা আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ।

রণবীর চাননি তাঁদের বিয়েকে ঘিরে বেশি হইচই বা আড়ম্বর হোক। নিতান্তই ঘরোয়াভাবে বিয়ে করতে চেয়েছিলেন এই বলিউড তারকা। মুম্বাইয়ের পালি হিলের ‘বাস্তু’ আবাসনের বিল্ডিংয়ে আলিয়ার ফ্ল্যাটের বারান্দায় তাঁদের বিয়ের আয়োজন করা হয়েছিল। এই একই বিল্ডিংয়ের সপ্তম তলায় থাকেন রণবীর। বিয়ের আয়োজন ভাট পরিবার করেছিল। তবে কাপুর পরিবারের প্রথা এ ক্ষেত্রে বজায় রাখা হয়েছিল বলে খবরে প্রকাশ। কাপুর পরিবার নাকি চায়নি ভাট পরিবার বিয়ের রীতি, রেওয়াজের বিষয়ে হস্তক্ষেপ করুক। আর ভাট পরিবার তা মেনে নিয়েছিল।

রণবীরের এক বিশেষ দল বিয়ের খুঁটিনাটির প্রতি নজর রেখেছিল। বিয়ের দিন রণবীরের পরনে ছিল অফ হোয়াইটের ওপর সোনালি কাজের শেরওয়ানি আর পাঞ্জাবি। মাথায় বেঁধেছিলেন পাগড়ি। এদিন তাঁর হাতে বিশেষ এক ঘড়ি দেখা গিয়েছিল। এই ঘড়িটি সবার নজর কেড়েছে। জানা যায়, ঘড়িটি প্রয়াত বরেণ্য অভিনেতা ঋষি কাপুরের। বিশেষ ঘড়িটি নীল কুমিরের চামড়া দিয়ে নির্মিত। আর ১৮ ক্যারেট সাদা সোনা দিয়ে ঘড়িটি বানানো হয়েছে। জানা যায়, ঘড়িটির দাম প্রায় ২১ লাখ রুপি। ঋষি কাপুর এক আবেগঘন মুহূর্তে রণবীরকে এই বিশেষ ঘড়িটি উপহার দিয়েছিলেন। আর তাই রণবীর বিয়ের দিন বাবার দেওয়া বহুমূল্য ঘড়িটি পরে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

আলিয়ার বিয়ের সাজ পোশাকে অনেক কিছু বিশেষ ছিল। এই বলিউড নায়িকার পোশাক তাঁর আর রণবীরের সম্পর্কের কিছু কথা তুলে ধরেছে। তাঁর মঙ্গলসূত্রে ছিল রণবীরের লাকি সংখ্যা ‘৮’। আর তাঁর মাথার ভেলে লেখা ছিল বিয়ের দিন। আলিয়া বিয়ের দিন পরেছিলেন রণবীরের সঙ্গে ম্যাচিং করা পোশাক। এদিন তাঁর পরনে ছিল অফ হোয়াইটের ওপর সোনালি কাজ করা শাড়ি ও ব্লাউজ। আর আলিয়া এক পিঠ খোলা চুলের ওপর একই রঙের ভেল পরেছিলেন। তাঁর বিয়ের পোশাক ডিজাইন করেছিলেন খ্যাতনামা বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়।

বিয়ের পর আলিয়া আর রণবীর এখন মিস্টার এবং মিসেস কাপুর। কিন্তু আলিয়ার ভারতীয় নাগরিকত্ব নেই, তা অনেকেরই হয়তো জানা। এই বলিউড অভিনেত্রীর জন্ম লন্ডনে হয়েছিল। আর তার পর থেকে তাঁর কাছে ব্রিটিশ পাসপোর্ট আছে। শাশুড়ি মা নীতু কাপুরের মতো আলিয়া তাঁর নামের সঙ্গে পদবি হিসেবে ‘কাপুর’ জুড়বেন কি না, তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এক দৈনিক সংবাদপত্রের খবর অনুযায়ী আলিয়া বিয়ের পরও ব্রিটিশ নাগরিক থাকবেন।


সেলিব্রেটিদের সম্পর্কে অন্যান্য লেখা –


এই বিয়ের কিছুদিন আগে প্রথম আলোর সঙ্গে এক সাক্ষাৎকারে হবু বউমা আলিয়ার ভূয়সী প্রশংসা করেছিলেন নিতু। রণবীরের বোন ঋধিমার মুখেও শোনা গেছে আলিয়ার প্রশংসা। জানা গেছে, বিয়ের দিন অর্থাৎ ১৪ এপ্রিল রণবীর আর আলিয়ার বাগদান পর্ব হয়েছিল। বাগদান অনুষ্ঠানে আলিয়াকে দেওয়া হয়েছে অত্যন্ত দামি এক হিরের আংটি। এদিকে আলিয়ার মা সোনি রাজদান জামাই রণবীরকে এক অত্যন্ত নামকরা ব্র্যান্ডের ঘড়ি উপহার দিয়েছেন, যা দুষ্প্রাপ্য বলে জানা গেছে। এই বিশেষ ব্র্যান্ডের ঘড়ির দাম আড়াই কোটি রুপি। রীতি অনুযায়ী বিয়েতে নিমন্ত্রিত সবার হাতে উপহার তুলে দেওয়া হয়। আলিয়ার পছন্দ অনুযায়ী নিমন্ত্রিতদের উপহার দেওয়া হয়েছে।

আলিয়া - রনবীর বিয়ে চিত্র ৬

এই বলিউড নায়িকার পছন্দ করা কাশ্মীরি শাল সবাইকে দেওয়া হয়। শালগুলো অত্যন্ত দামি, তা বলার অপেক্ষা রাখে না। অতিথিরা এই বিশেষ উপহার পেয়ে দারুণ খুশি বলে জানা গেছে। বিয়েতে পাঞ্জাবি প্রথা অনুযায়ী কনের ‘চূড়া’ বাঁধার রীতি আছে। কিন্তু আলিয়ার ক্ষেত্রে তা হয়নি। কারণ, এই রীতি অনুযায়ী নববধূ আলিয়াকে কমপক্ষে ৪০ দিন ‘চূড়া’ রাখতে হবে। কিন্তু তাঁর পক্ষে তা সম্ভব নয়। কারণ, এই বলিউড অভিনেত্রী শিগগিরই তাঁর নতুন ছবির শুটিং শুরু করবেন। শোনা যাচ্ছে, বিয়ের পর প্রথম তিনি হলিউড ছবির শুটিং করবেন। এই ছবি দিয়ে আলিয়া হলিউডে পা রাখতে চলেছেন। অপরদিকে অয়ন মুখার্জি পরিচালিত এবং করণ জোহর প্রযোজিত ফ্যান্টাসি-ড্রামা ফিল্ম ‘ব্রহ্মাস্ত্র’- এ এই দুই তারকাকেই দেখা যাবে।

১৬/০৪/২০২২, ১১.০৫ PM

I-Desk

ইন্টারন্যাশনাল ডেস্ক যা কোথাও কোথাও I-Desk নামেও পরিচিত। এই ডেস্ক থেকে অবিনশ ব্লগে বিশ্বের চলমান ঘটনা তুলে এনে পেশ করা হয়ে থাকে। আপনিও চাইলে বিশ্বের যে কোন প্রান্ত থেকে আমাদের লিখে পাঠাতে পারেন সম্প্রতি ঘটে যাওয়া যে কোন তথ্য কিংবা ঘটনা সম্পর্কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *