রুম্পা
রুম্পা সোফায় আধশোয়া হয়ে টিভিতে ‘ডোরিমন’ দেখছিলো। হঠ্যাত করেই তার গা গুলিয়ে উঠলো। পেটের মধ্যে যত খাবার ছিলো সব একসাথে বের হয়ে আসতে চাচ্ছে। রুম্পা একদৌড়ে বেসিনের সামনে গিয়ে হড়হড় করে বমি করে দিলো। মেরি স্টোপস মিনি ক্লিনিকের ডাক্তার নাফিয়া রহমান রুম্পার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন,
– ‘ইওর প্রেগনেন্সি টেস্ট রিপোর্ট ইজ পজিটিভ।’ টিনএজের ফার্স্ট স্টেজে, মাত্র পঁনের বছর বয়সে প্রেগনেন্ট হয়ে যাওয়া কোন কাজের কথা না।
রুম্পার নিজের উপরই নিজের প্রচন্ড রাগ হচ্ছে। ইচ্ছে করছে মাথার চুলগুলো টেনে ছিড়ে ফেলতে। কিন্তু সেটা মনে হয় ঠিক হবে না। গতকালই পার্লার থেকে সে এতগুলো টাকা খরচ করে চুলগুলো রিবন্ডিং করে এনেছে। তারচে’ বরং রাহুলকে একটা কল করে দেখা যাক।
‘আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে….’ ‘ডট ডট ডট’ রাহুলকে উদ্দেশ্য করে রুম্পা মনে মনে কয়েকটা খারাপ খারাপ গালী দিলো। হঠ্যাত করে “সম্মান, ফ্যামিলি, বাবা-মা, রিলেশান, সেক্স, সমাজ, ফেইসবুক, হোয়াটসএপ, অনলাইন পোর্টাল, গসিপ, পিউলি, বিএফ, ধিক্কার” টাইপের শব্দগুলো একজোট হয়ে রুম্পার মাথার মধ্যে তালগোল পাকিয়ে গেল। আটতলার ছাদ থেকে নিচের কংক্রিটের রাস্তা পর্যন্ত দুরত্বটা অতিক্রম করতে রুম্পা টাইম নিলো ফোর পয়েন্ট ফাইভ সেকেন্ডস।
বছরখানেক আগের কথা –
ঢাকার একটা নামকরা স্কুলের সামনের ওপেন রোডে ফ্রেন্ডদের বেস্টনীর মধ্যে রুম্পাকে প্রপোজ করে রাহুল। পুরো ব্যাপারটা ঘটে ভিডিও ক্যামেরার সামনে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা ভাইরাল হওয়ার সুবাদে সেই সময়ে এই মুখরোচক ঘটনাটা পরিনত হয় টক অফ দ্যা কান্ট্রিতে।
বারডেমের হীমঘরে শুয়ে থাকা রুম্পার নিস্প্রান ডেডবডি ভিডিও করার জন্য সেদিন কোন ডিএসএলার ওয়ালা ছিলো না। তাই ব্যাপারটা কেউ জানতে পারলো না, কেউই না।
১৮/০৫/২০২২, ১০.৩০ AM
