খান সাহেবের ঘটকালি ও চা বিষয়ক কিছু কথা
বৈঠক খানা। আমি আর খান সাহেব মুখোমুখি বসা। ভৃত্য চা দিয়ে গেলো। খান সাহেব পানের বাটা থেকে পান নিয়ে পান চিবুতে লাগলেন। আমি আঁড় চোখে খান সাহেবকে মেপে বেশ ভরাট গলায় বলতে শুরু করলাম আমি,
– জানেন খান সাহেব, ছোট বেলায় খুব কাঁদতে পারতাম আমি। মা বলতো, আমি নাকি অনেক অভিমানী হয়ে জন্মেছি। বন্ধু-বান্ধবীরা বলে, “রাগ” নাকি সব সময় আমার নাকের ডগায় এসে বসে থাকে। শুধু ঝেড়ে দেয়ার অপেক্ষা। কথাটা কতটুকু সত্য তা কেবল বন্ধুরাই ভালো বলতে পারবে। কিন্তু আমি যে “সেনসেটিভ” তা আমি বেশ জানি।
ছেলে মানুষ “সেনসেটিভ” হয় কিনা আগে শুনে কিংবা দেখে না থাকলে আমার বাসায় আপনার নিমন্ত্রণ। আমাকে এসে দেখে যাবেন সাথে এককাপ চা ও না হয় খেয়ে যাবেন। যাই বলেন না কেনো, আমি কিন্তু ভাই “চা খোর” সেই সাথে কিঞ্চিৎ রসিক ও বটে।
ভাবছেন আমার ব্যপারে আপনাকে যেচে এতো কিছু বলতে যাচ্ছি কেনো? হা হা হা, আছে আছে কারন তো একটা অবশ্যই আছে। বিয়ের বাজারে এমন আত্ন সমালোচক, সোজা-সাপ্টা কথা বলা পাত্র আর কোথায় পাবেন শুনি? আজ্ঞে, ঘটকালিটা কিন্তু আপনাকেই করতে হবে মশাই।
এই এই খবরদার না করতে পারবেন না কিন্তু। জানেন তো আমার আবার “রাগ” কিন্তু নাকের ডগায় এসে বসে থাকে। নিন চা খান। ধোঁয়া উঠা গরম চা ফুঁ দিয়ে খাওয়ার মজাই আলাদা।
১৯/০৩/২০২২, ০৫.৪৫ PM
